দেবহাটায় মা সমাবেশে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া: পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ও সব সুখের মূল হল মা
মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ও সব সুখের মূল হল মা। মা ছাড়া কেউ এই সুন্দর পৃথিবীর মুখ দেখতে পারতাম না। সন্তানদের মানুষের মত মানুষ করে তুলতে হলে মায়ের বিকল্প নেই। কেবলমাত্র মা পারে সুন্দর জাতি গঠন করতে। আর তাই মাকে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে। সন্তানরা মাদকাসক্ত হচ্ছে কিনা, কোন খারাপ সঙ্গের সাথে মিশেছে কি না-সার্বিক বিষয়ে খোঁজ নিতে হবে। সন্তানরা ঠিকমত বিদ্যালয়ের যায় কি না তাদের ক্লাসের পড়া হয় কি না খোঁজ নিতে হবে।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সংসারে সুখের জন্য স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা দরকার। স্বামী-স্ত্রীর মাঝে সুখ শান্তি বিরাজ করলে শিশুরাও সেটি গ্রহণ করে। আর যদি পরিবারে অশান্তি বিরাজ করে তাহলে ভবিষতেও তাদের পরিবারে এই শিক্ষা বাস্তবে কাজ করে। আপনাদের সংবেদনশীল মা হতে হবে। পরিবারকে সুখী করবেন তাহলে সমাজ সুন্দর হবে। টাকা দিয়ে সুখ-শান্তি কেনা যায় না। তাই আপনাদের পজেটিভ হতে হবে। আরো বলেন, মাদক সমাজের একটি ব্যাধি। যা পুরো সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। পরিবার, সমাজ ধ্বংসের মূল কারণ। তাই পরিবারের মাধ্যমে মাদক বন্ধের উদ্যোগ নিতে হবে। আমরা ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছি। আপনারা জানেন যে খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করেছি। দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছেন তাদের অবস্থা খুবই খারাপ। সাতক্ষীরাসহ সারাদেশের কোন মাদক ব্যবসায়ীকে প্রশাসন কোনভাবে ছাড় দেবে না। তাই এখনও সময় আছে ভালো হয়ে যান। বাল্যবিবাহ নিয়ে কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, আমরা সুখী, সমৃদ্ধি জাতি গঠনের জন্য কাজ করছি। তাই বাল্যবিবাহ দিয়ে আপনারা বিবাহের পিঁড়িতে বসিয়ে তাদের সুন্দর ভবিষৎ নষ্ট করবেন না। কারণ অপ্রাপ্ত কন্যা শিশুকে বিবাহ দেওয়া হলে সে শারীরিক, মানসিকভাবে বেড়ে উঠতে পারে না। সে স্বামীর পরিবারে সদস্যদের মন যোগাতে পারে না। সে নিজেও জানে না তার কি কাজ। আর সে কারণে স্বামীর পরিবারের সদস্যদের হাতে নির্যাতিত হয়। আর তার জীবনে নেমে আসে অন্ধকার। সে কারণে আপনাদের জীবন সুন্দর করতে হলে মাদক, বাল্যবিবাহ, পারিবারিক কলহ বন্ধ করে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুষ্ঠু জাতি গড়বেন।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসরা শওকাত ওসমান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তা রাণী মন্ডল, তথ্য অফিসার সামসুন্নাহার, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।

Leave a Reply