নলতায় আবারও দুঃসাহসিক চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট
নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় গ্রিল ও দরজার লক ভেঙে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে নলতা মোবারকনগর টাউনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, নলতা টাউনপাড়ার মরহুম শফিউল্যাহর স্ত্রী ছফুরা খাতুন দ্বিতল ভবনের নিচতলায় বসবাস করেন। তার দু’ছেলে চাকরি সূত্রে ঢাকা ও খুলনায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির বারান্দার গ্রিল ও ঘর তালাবদ্ধ করে খুলনায় চিকিৎসার জন্য চলে যান। শনিবার রাতে চোরচক্র তার বাড়ির গ্রিলের লক ও ঘরের দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৬৭ হাজার টাকা ও আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে তারা জানান।
এদিকে বেশ কিছুদিন যাবত নলতায় এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে আটক কিংবা চুরিকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম না হওয়ায় ভুক্তভোগীসহ এলাকার মানুষের মাঝে চোর আতংক বিরাজ করছে।

Leave a Reply