কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বন্যা খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ব্রজাবাকসা গ্রাম থেকে ওই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
বন্যা খাতুন কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের আবুল খায়েরের মেয়ে ও উপজেলার ফাতেমা বেগম বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন জানান, শনিবার সকালে ব্রজবাকসা থেকে এসএসসি পরীক্ষার্থী বন্যা খাতুনের (১৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে নিজ বাড়ির ঘরের আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
বন্যার প্রতিবেশীরা জানান, বন্যা খাতুন ২০১৮ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। যে কারণে এবারও তার পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের কারণে সে আত্মহত্যা করতে পারে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, এসএসসি পরীক্ষার্থী বন্যার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এ সংক্রান্ত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-২(০২)১৯। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply