আশাশুনিতে ওপেন হাউস ডে: মাদক বিক্রেতা ও জুয়াড়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ মাদক বিক্রেতা ও জুয়াড়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, যারা দেশের যুব সমাজকে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন তাদের কোন ছাড় দেয়া হবে না। লক্ষ্য স্থির, মাদকের বিরুদ্ধে লড়াই চলবে যতদিন না মাদক নির্মূল না হয়। চাঁদাবাজ, সন্ত্রাসী ও জঙ্গীদের দিন শেষ হয়ে গেছে। এদের সমূলে উচ্ছেদ করতে পুলিশকে সব রকমের সহযোগিতা করুন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় পুলিশ সেবা সপ্তাহের ৩য় দিনে আশাশুনি পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে দেশের চলমান অগ্রগতিতে দুর্নীতিই সবচেয়ে বড় বাঁধা উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, আমরা প্রথমে নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছি। এখন সরকার থেকে যে বেতন পাওয়া যায় তাতে আর কারো কাছে হাত পাতা লাগে না। সমাজ থেকে অসংগতিগুলো দূর করতে পুলিশ বাহিনীকে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে হবে। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিসের সেবা গ্রহণ করুন। আর যদি কোন পুলিশ সদস্য সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে আমাদেরকে ফেসবুক-ম্যাসেঞ্জার বা যেকোন মাধ্যমে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একাধিক বক্তার অভিযোগের প্রেক্ষিতে তিনি আশাশুনির সুদখোর নাজমা বেগমকে আইনের আওতায় আনার কথা বলেন এবং যারা তাকে ইন্ধন দিচ্ছে তাদেরকে এলাকার মানুষকে হয়রানি না করতে নির্দেশ দেন।
এছাড়া সরকারি রাস্তাকে মৎস্য ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার না করতে ও যথাযথ সময়ে জমির মালিককে ইজারার টাকা পরিশোধ করার কথা বলেন।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, শাহ নেওয়াজ ডালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম প্রমুখ।

Leave a Reply