দেবহাটায় পরকীয়ার জেরে নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা: স্ত্রী ও তার প্রেমিক জাকিরকে জিজ্ঞাসাবাদ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে আলী হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক পারুলিয়া গ্রামের রমজান আলীর ছেলে জাকির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আলী হোসেন উপজেলার মাঝ-সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় আলী হোসেন সখিপুর মোড়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে না আসলে সবাই চিন্তিত হয়ে পড়েন। এ সময় তার ফোনটি বন্ধ দেখায়। গভীর রাত পর্যন্ত আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে তার খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। পরদিন বুধবার সকালে সন্ধান না পেয়ে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। বেলা ১১টার দিকে খবর আসে স্থানীয় চিনেডাঙ্গা কেওড়াতলা মৎস্য ঘেরে গলা কাটা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। এ খবর পাওয়া মাত্রই নিহতের চাচাত ভাই ইউপি সদস্য আকবর ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন। ততক্ষণে ঘটনাস্থলে দেবহাটা থানা পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের ভাই ইউপি সদস্য আকবর আলী বলেন, তার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিল না। তবে কিছুদিন আগে আলী হোসেনের স্ত্রীকে নিয়ে একটি ঝামেলা হয়। এছাড়া তাদের বাড়িতে পারুলিয়া গ্রামের রমজান আলীর ছেলে জাকির হোসেন আসা যাওয়া করতো। জাকির অত্যন্ত বাজে প্রকৃতির হওয়ায় আলী হোসেনকে পরিবারের সবাই খুব বকাবকি করতেন। পরে আলী আমাদের বাড়িতে জাকিরকে আসতে নিষেধ করায় জাকিরের সাথে আলী হোসেনের মনোমালিন্য সৃষ্টি হয়। এসব নিয়ে শালিসও হয়েছে। আমরা মনে করি আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও জাকিরকে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও জাকির হোসেন নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply