কাশিমাড়ীতে মোটরভ্যানের ধাক্কায় শিশু নিহত
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে মোটরভ্যানের ধাক্কায় কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শবনম সুমাইয়া নিহত হয়েছে। সে কাশিমাড়ী গ্রামের সোহরাব তরফদারের একমাত্র মেয়ে। এ ঘটনায় ভ্যানের একমাত্র যাত্রী একই গ্রামের জলিল সানার স্ত্রী মরিয়ম খাতুন (৫০) গুরুতর আহত হন। আহত মরিয়ম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর মৎস্যসেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শবনম সুমাইয়া বাড়ি থেকে বের হয়ে খাবার কিনতে স্থানীয় মুদি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে ঝাপালী থেকে শ্যামনগরগামী মোটরভ্যানের ধাক্কায় শিশুটি মারাত্মভাবে আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ভ্যানচালক পূর্ব কাশিমাড়ী গ্রামের আবু বাক্কার সানার ছেলে সাইদুল ইসলাম (২০) মোটরভ্যানটি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মোটরভ্যানটি আটক করে রেখেছে। নিহত শিশু শমনম সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুমাইয়াকে তার নিজ বাড়িতে দাফন করা হবে বলে তার পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply