ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: লো স্কোরিং ম্যাচে ঝালকাঠিকে ৪ উইকেটে হারালো যশোর
রাইয়ান সাকিল: সাতক্ষীরায় সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ষষ্ঠ ম্যাচে ঝালকাঠিকে ৪ উইকেটে হারিয়েছে যশোর জেলা দল।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ঝালকাঠি জেলা। তাদের ওপেনিং জুটি থেকে আসে মাত্র এক রান। আলাউদ্দীনের বলে বোল্ড আউট হয়ে ফেরেন ওপেনার জিত। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন তরিকুল। ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৩ রান যোগ করে বিদায় নেন তিনি। এরপর দলীয় ২৫ রানের মাথায় মেহেদি হাসানের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন দলের আরেক ওপেনার আমিনুল। দুর্দান্ত গতিতে একের পর এক উইকেট তুলতে থাকে যশোরের বোলাররা। শেষ দিকে আরও চাপ সৃষ্টি করে ব্যাটসম্যানদের উপর। কিন্তু সেই চাপে এগিয়ে যেতে ব্যর্থ হন ঝালকাঠির ব্যাটসম্যানরা। ফলে ২৮ ওভারে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় ঝালকাঠি জেলা।
ঝালকাঠির হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন কামুরুল ইসলাম। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ধরাশায়ী করে ১০ ওভার বল করে ৬ মেডেনসহ ৪ রান দিয়ে পাঁচ ব্যাটসম্যানকে আউট করেন মেহেদি হাসান। যশোরের পক্ষে জিসান ২টি এবং সাদমান, আলাউদ্দীন ও মারুফ ১টি করে উইকেট লাভ করেন।
অল্প পুঁজিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে যশোর জেলা। সানি ও সাদমানের ওপেনিং জুটিতে আসে ২৯ রান। সিদ্দিকুরের বলে বোল্ড আউট হন ওনেপার সাদমান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ রান। ওপেনার সাদমান আউটের পর পরবর্তী বলে আবারও আঘাত হানেন সিদ্দিকুর। তার বলে অন্তরের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মারুফ। তবে একপক্ষ আগলে রেখে দলের জয়ের ভিত গড়ে দেন দলের আরেক ওপেনার সানি। শেষদিকে সিদ্দিকুরের তৃতীয় শিকার হন এই ব্যাটসম্যান। স্টাম্পিং হয়ে আউট হন সানি। এরপর উইকেটে থাকা সাকিবের ব্যাটে ১৩.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় যশোর জেলা। ফলে ৪ উইকেটে জয় লাভ করে যশোর জেলা। যশোরের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সানি। ৩ চারে এই রান করেন তিনি। ঝালকাঠির হয়ে সিদ্দিকুর ৪টি ও সাকিল ২টি উইকেট শিকার করেন।

Leave a Reply