তালা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়নে পেতে মাঠে এক ডজন প্রার্থী, বর্ধিত সভা ২৬ জানুয়ারি
এস.এম নাহিদ হাসান: উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে তালা উপজেলার রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত এক ডজন নেতা শুরু করেছেন লবিং। করছেন গণসংযোগ।
আর দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে হাইকমান্ডের নির্দেশে আহুত বর্ধিত সভাকে ঘিরে নতুন মাত্রা যুক্ত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায়।
আগামী ২৬ জানুয়ারি এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এজন্য ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের কাছে আবেদন আহবান করা হয়েছে। এই আবেদন গ্রহণ করা হবে ২৪ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত।
রাজনৈতিক সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা না করলেও নির্বাচনী মাঠ গোছাতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যে দলের হাইকমান্ড থেকে দেশের প্রত্যেক উপজেলা আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া কেমন হবে তা উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। এরই ধারাবাহিকতায় তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে আগামী ২৬ জানুয়ারি তালা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। এ সভায় জেলা আওয়ামী রীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও অংশগ্রহণের কথা রয়েছে।
আর তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন প্রায় অর্ধ ডজন নেতা।
এরা হলেন- তালা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু এবং জেলা পরিষদ সদস্য ও তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল।
এদের মধ্যে ২০০৯ সালের ৩য় উপজেলা পরিষদ নির্বাচন ও ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হন ঘোষ সনৎ কুমার।
তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও বঞ্চিত হন। এখন তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য তৃণমূলে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। সৈয়দ ফিরোজ কামাল শুভ্র দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ শুরু করেছেন। এছাড়া খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু সম্প্রতি সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মন যোগাতে কাজ করছেন তিনি। জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু এবং তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল হিল্লোলও দলীয় প্রত্যাশা করছেন দলীয় মনোনয়ন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় বর্তমান ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার গণসংযোগ করছেন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, খেশরা ইউনিয়নের আ’লীগ নেত্রী মুর্শিদা পারভিন পাঁপড়ি ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলা ইসলাম জুঁই দলীয় মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন।
এ প্রসঙ্গে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ডের নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও উপজেলার নেতাদের নিয়ে বর্ধিত সভায় সকলের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে প্রায় ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪-৫ জন থাকায় আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা ভাল হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, ২৬ তারিখ নেতাদের নিয়ে বর্ধিত সভা ডাকা হয়েছে। সভায় ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী ঠিক করে নামের তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

Leave a Reply