কালিগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যক্তির বসতবাড়িসহ রান্নাঘর, কাঠ ঘর ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
প্রত্যক্ষদর্শীর মতে, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের শিব মন্ডলের বাড়িতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে শিব মন্ডলের বসতবাড়ি, রান্নাঘর, কাঠ ঘর ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ভুক্তভোগী শিব মন্ডল জানান, দুর্বৃত্তরা গভীর রাতে তার বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। তিনি আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আসবাবপত্রসহ কয়েক লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা জানান, ঘটনাটি শোনার পর ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখি শিবপদ মন্ডলের ঘর, বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, থানায় এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply