মৎস্য ঘের দখলমুক্ত করার দাবিতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: বৈধ ডিডকৃত মৎস্য ঘের জবর দখলকারীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে ঘের মালিকরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। রোববার বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘের মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, আমি ও বড়কুপট গ্রামের মৃত আবু মোহাম্মদ গাজীর ছেলে আবুল বাশার, কাশিমাড়ী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আসাউল, আটুলিয়া গ্রামের ওয়াজেদ সানার ছেলে মোস্তফা কামাল ও বয়ারসিং গ্রামের বিভূতি গং পার্টনারশিপে ১০নং আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া মৌজার বয়ারসিং গ্রামের ‘যমুনা মৎস্য প্রকল্প’ নামীয় মৎস্য ঘেরে ৯ একর ৪৩ শতক ও ব্যক্তি মালিকানাধীন এবং ডিডকৃত সর্বমোট ১৬০ বিঘা জমি নিয়ে দীর্ঘ ৩১ বছর যাবৎ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মৎস্য ঘের করে আসছি। এলাকার কয়েকজন পরসম্পদ লোভী লোভের বশবর্তী হয়ে ১১ জানুয়ারি গভীর রাতে মুক্তিযোদ্ধাদের সাইনবোর্ড লাগিয়ে উক্ত ঘের দখল করেছে। উল্লেখ্য ইতোপূর্বে উক্ত মৎস্য ঘের দখলের লক্ষ্যে তারা বিভিন্ন আদালতে মামলা করে কাগজপত্র না থাকায় পরাজিত হয়। এরপরেও এডিসি রেভিনিও আদালতে মামলা করে, মামলা নং- ২৬/২০১৭। ১৩/৮/১৮ তারিখে এ মামলাও খারিজ হয়। সর্বশেষ খুলনা বিভাগীয় কমিশনার আদালতে ৯/১২/২০১৮ তারিখ মামলা দায়ের করে। এ মামলা বর্তমানে চলমান। ১০/৩/২০১৯ তারিখে পরবর্তী দিন ধার্য আছে। এ অবস্থায় তারা কোন উপায় না পেয়ে ১১ জানুয়ারি গভীর রাতে মুক্তিযোদ্ধাদের সাইনবোর্ড লাগিয়ে ঘেরটি দখল করে নেয়। ওইদিন ভোর ৫টায় ঘেরের কর্মচারী ফোনে আমাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শ্যামনগর থানায় ডায়েরি করা হয়েছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোটিশ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন।
এমতাবস্থায় সংবাদ সম্মেলনে দখলকারীদের কাছ থেকে ঘের ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Leave a Reply