সাতক্ষীরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন
এসএম নাহিদ হাসান: সাতক্ষীরায় কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টায় জেলার ৫৯৭টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
সকালেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের প্রচন্ড ভীড় লক্ষ করা যায়। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটাররা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে কেন্দ্রে যান। এসময় ভোটারদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রগুলো। তারা ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন দলের পক্ষে দেওয়া ভোটার স্লিপ নিয়ে ভোট দেন।
তবে, ভোটার নম্বর খুঁজে পেতে কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকেই।
এছাড়া নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পাঁচ স্তরের নিরাপত্তায় ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন।
তবে, সকালে ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও দুপুরের পর ভোট কেন্দ্রগুলোয় চাপ ছিল কম।

এদিকে, ভোট দেতে বাধা, জালভোট, অনিয়ম, নৌকায় ভোট দিতে বাধ্য করা, ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ইচ্ছার বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট দেওয়ানোসহ নানা অভিযোগে সাতক্ষীরা-৪ ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের দুই প্রার্থী জামায়াতের গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস আবদুল খালেক দুপুরের পরে ভোট বর্জনের ঘোষণা দেন। যদিও সাধারণ ভোটাররা তাতে মোটেও বিচলিত হননি।
একই সাথে ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ ও সাতক্ষীরা-৩ এর বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ডা. শহিদুল আলম। তাদের অভিযোগ, সমর্থকদের ভয় দেখিয়ে কেন্দ্র ছাড়তে বলা হয়েছে। এদিকে, ভোট শেষে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সাতক্ষীরার চারটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

Leave a Reply