সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: দুই বোনকে ফাঁকি দিয়ে মায়ের জমি লিখে নেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আপন দুই বোনকে ফাঁকি দিয়ে কৌশলে বৃদ্ধা মাতার কাছ থেকে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাতক্ষীরা সদরের বড়খামার (ব্রক্ষরাজপুর বাজার) গ্রামের কেরামত আলীর বৃদ্ধা স্ত্রী ফুলজান বিবি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তার কন্যা, নাতি-নাতনিসহ অন্যান্য আত্মীয় সজন।
সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলজান বলেন, আমাদের তিনটি মেয়ে সন্তান রয়েছে। তাদের প্রত্যেকের বিয়ে হয়েছে। এদের মধ্যে ছোট মেয়ে মনজুয়ার খাতুন ও মেঝ মেয়ে রফুজা খাতুন আমার বাড়িতে থাকে। আর বড় মেয়ে রিজিয়া খাতুন তার শ্বশুরবাড়ি পাটকেলঘাটায় থাকে। বিগত ’৬৭ সালের দিকে আমার স্বামী ব্রহ্মরাজপুর মৌজায় মোট ২৫ শতক সম্পত্তি আমার নামে লিখে দেয়। আমার মেয়েদের মধ্যে মেঝ মেয়ে রফুজা খাতুন গোপনে আমার ওই সম্পত্তি লিখে নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। এর প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর আমার মেঝ মেয়ে রফুজা খাতুন আমাকে ডাক্তার দেখানোর নাম করে সাতক্ষীরায় নিয়ে আসেন। এরপর আমাকে ডাক্তারের কাছে না নিয়ে সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। সেখানে আমার নামীয় সম্পত্তি লিখে দেওয়ার কথা বলে। আমার বাকি মেয়েকে ফাঁকি দিয়ে জমি লিখে দিতে রাজি না হওয়ায় সে আমাকে বলে সমস্যা নেই আমি তাদের ফাঁকি দেবে না। তিন বোনের নামেই দলিল হবে। এছাড়া আমার হাতে ৩০ হাজার টাকা দিয়ে বলে তুমি স্বাক্ষর (টিপ সহি) কর আমি ঠিক করে দিচ্ছি। আমি তার কুটকৌশল বুঝতে না পেরে স্বাক্ষর করি। এরপর রফুজা আমাকে বলে এতটাকা তুমি হারিয়ে ফেলবে আমার কাছে দাও বাড়ি গিয়ে দেবো বলে ওই ৩০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর বাড়ি গিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে।
তিনি আরো বলেন, রফুজাকে অন্য দুই বোনের ভাগ দেওয়ার বিষয়ে বললে সে তালবাহানা করলে আমার সন্দেহ হয়। তখন আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রফুজা অন্য বোনদের ফাঁকি দিয়ে কৌশলে আমার জমি নিজের নামে লিখে নিয়েছে। এঘটনায় আমি ২৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছি।
এব্যাপারে তিনি ওই কুটকৌশলী অর্থলোভী মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই সম্পত্তি বাকি দুই মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply