নলতায় জনসমুদ্রে নৌকায় ভোট চাইলেন ডা. রুহুল হক
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ পেট ভরে খেতে পায়, দেশের উন্নয়ন হয়। এই সরকার খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমরা দেশে ১৫ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। দেশের ৮০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনেও আবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় নলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমি মানুষ ও দেশের সেবায় কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই আমার নির্বাচিত এলাকার সকল রাস্তার কাজ শেষ হবে। আগামীতে বেকার যুবক ও মা-বোনদের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা করা হবে। সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. আ ফ ম রুহুল হকের ছেলে জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন, মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম, মুজিবার রহমান পাড় প্রমুখ।

Leave a Reply