উপজেলার শীর্ষে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কলারোয়া প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা সমাপনীতে দীর্ঘ কয়েক বছর ধরে সাফল্যের শীর্ষ অবস্থান ধরে রেখেছে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবছর প্রকাশিত ফলাফল নির্ণয় করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
বিদ্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪০ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ২৩ জন ছাত্রী এবং ১৭ জন ছাত্র। এতে উপজেলায় প্রথম স্থানে রয়েছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, স্কুলের ভলো ফলাফলে শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টা আর অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার প্রমাণ মিলেছে। আগামীতে আমরা শুধু উপজেলা নয় জেলার শীর্ষ দখলে রাখার ব্যাপারে আশাবাদী।
এদিকে, কলারোয়া পৌর সদরের শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করে উপজেলা পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে। বিদ্যালয় থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। তবে উপজেলায় ভালো ফলাফল ও শতভাগ পাশ করার কৃতিত্ব রয়েছে শুধুমাত্র শ্রীপতিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়টির।
পরীক্ষায় উপজেলার তৃতীয় স্থান অধিকার করেছে ঝাপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ১২জন ছাত্র-ছাত্রী।
উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কলারোয়া উপজেলায় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ১২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Leave a Reply