মোজাহার পেট্রোল পাম্পে প্রকাশ্যে তেল চুরি!
ফাহাদ হোসেন: সাতক্ষীরা শহরের মোজাহারের তেল পাম্পে প্রকাশ্যে তেল চুরির অভিযোগ উঠেছে।
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় এক সংবাদ কর্মী তেল নিতে গিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে তালবাহানা শুরু করেন মোজাহার পাম্পের কর্মচারী আল আমিন।
ওই সংবাদকর্মী জানান, তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য ৫শ টাকার পেট্রোল চান। তেল প্রদানকারী কর্মচারী আল আমিন ৫.৮ লিটারের স্থলে তাকে ৪.৮ লিটার তেল দেন। বিষয়টি নজরে আসলে তিনি পাম্প কর্মীকে তেল কম দেওয়ার কারণ জানতে চান। কিন্তু তিনি তা স্বীকার না করে তা সঠিক প্রমাণ করতে চেষ্টা করেন।
ওই সংবাদ কর্মী আরও জানান, তিনি তাকে বারবার অবহিত করার সত্ত্বেও তিনি তার ভুল মেনে নিতে চাইছেন না দেখে মালিকপক্ষের সাথে যোগাযোগ করেন। পরে মালিক ও কর্মচারীর মধ্যে দীর্ঘসময় বাকবিতণ্ডার পরে তিনি স্বীকার করেন যে তেল কম দেওয়া হয়েছে। ঘটনা সমাধান করতে মালিক ও কর্মচারীর মধ্যস্থতায় এক লিটার তেলের দাম ফেরৎ দেন কর্মচারী আল আমিন।
এসময় উপস্থিত একজন বলেন, অনেকেই খেয়াল করেন না, কি পরিমাণ তেল দিচ্ছে। এই সুযোগে কর্মচারিরা তেল ফাঁকি দেন।
এ ব্যাপারে মোজাহার তেল পাম্পের মালিক সিরাজুল ইসলাম বলেন, মিটারের গায়ে তেল-দেখে বুঝে নেওয়ার কথা লেখা আছে। সবারই উচিৎ বিষয়টি খেয়াল রাখা। আপনারা কর্মচারীর উপর নির্ভর করবেন কেন? বিষয়টি নজরে এসেছে টাকা অথবা তেল নিয়ে যান। কর্মচারীরা যেন এ ধরণের কার্যক্রম না করতে পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকব।

Leave a Reply