Sunday, 6 September 2026

কালিগঞ্জে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 22:24

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের মথুরেশপুরে বিষের লাইসেন্স নিয়ে অবৈধভাবে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে। অনেকটা প্রকাশ্যেই অনিয়ম ও প্রতারণা করে কৃষকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ন্যাযমূল্যে কৃষকের হাতে সার পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দিয়েছেন। লাইসেন্সবিহীন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রাসায়নিক সার বিক্রি করতে পারবে না এটা সরকারি নিয়ম। কিন্তুঅসাধু ব্যবসায়ীরা ডিলারের নিকট থেকে স্বল্পমূল্যে সার কিনে কৃষকদের নিকট অধিক দামে বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মথেরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠের পার্শ্ববর্তী ‘তরুণ এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে দিগুণ মূল্যে ইউরিয়া ও অন্য সার বিক্রি করছে। ডিলারের কাছে সার না পেয়ে বাধ্য হয়ে ওই এলাকার কৃষকদের অধিক দাম দিয়ে সার কিনতে হচ্ছে।
স্থানীয় কৃষক নরেন্দ্র নাথ ঘোষ, শফিকুল ইসলাম, শাহাজান আলীসহ অনেকেই জানান, মথুরেশপুর ইউনিয়নে ডিলার হিসেবে পাইকারি দরে সার বিক্রি করেন মাহবুবুর রহমান। ডিলারের নিকট থেকে ‘তরুণ এন্টারপ্রাইজ’ এর সত্ত্বাধিকারী তপন কুমার ঘোষ সার কিনে মজুদ করেন। ডিলারের নিকট ন্যায্য মূল্যে সার কিনতে না পেরে বাধ্য হয়েই অধিক দামে তরুণ এন্টারপ্রাইজ থেকেই সার কিনছেন কৃষক। এর ফলে কৃষিপণ্য উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি সমাধানের জন্য কৃষি কর্মকর্তাকে জানালেও অজ্ঞাত কারণে তিনি এব্যাপারে কোনো উদ্যোগ নেননি এমনটাই অভিযোগ ভুক্তভোগী কৃষকদের।
অবৈধভাবে বেশি দামে সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তরুণ এন্টারপ্রাইজের মালিক তপন কুমার ঘোষ জানান, তিনি স্থানীয় ডিলার মাহবুবুর রহমানের কাছ থেকে সার নিয়ে বিক্রি করেন। সার বিক্রি করার কোন লাইসেন্স তার নেই। তবে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের নিকট থেকে অনুমতি নিয়ে সার বিক্রি করছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি জানান, লাইসেন্স ছাড়া সার বিক্রি করার কোন নিয়ম নেই। স্বল্পমূল্যে কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এজন্য উপজেলার অনেক দোকানে লাইসেন্সবিহীন সার বিক্রি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তবে কোন দোকানদার বা ডিলার যদি সরকারি নির্ধারিত মূল্য ছাড়া অধিক দামে সার বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে-জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *