আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়ন বুঝে নেবেন: ডা: রুহুল হক
সমীর রায়, আশাশুনি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও একাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, আপনারা আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়ন বুঝে নেবেন। আমার নেত্রী উন্নয়নে বিশ্বাস করেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার গতিতে। জনগণ আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে, তারা উন্নয়ন চায়। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্বিধা দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার ডাকে আবারো ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সব সময় শক্তিশালী।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও দিনব্যাপী আশাশুনির বড়দল ও খাজরা ইউনিয়নে প্রায় ২৫ টি পথসভায় এসব কথা বলেন।
সোমবার দিনের শুরুতে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে পথসভা শুরু করেন। এরপর তিনি বড়দল বাজার পথসভা করে খাজরা ইউনিয়নের কালিকাপুর মাদরাসা, খাজরা বাজার, দেয়াবর্ষীয়া দীঘির পাড়, খালিয়া সরদারপাড়া, চেউটিয়া বাজার, কাপসন্ডা বাজার, গদাইপুর হাইস্কুল, তুয়ারডাঙ্গা বাজারসহ প্রায় ২৫ স্থানে পথ সভা করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এদিন খাজরা ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন শতাধিক বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে রুহুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
দিনব্যাপী দীর্ঘ নির্বাচনী জনসংযোগে বিভিন্ন সময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, যুব মহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দীকি প্রমুখ।

Leave a Reply