বিকল্পধারার প্রার্থী গোলাম রেজার সংবাদ সম্মেলন: সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী প্রচারে বাধা ও হামলার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: নির্বাচনী প্রচারে বাধা, কর্মী-সমর্থকদের মারধর ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারার দলীয় প্রার্থী এইচএম গোলাম রেজা।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে গোলাম রেজা বলেন, বিকল্পধারা মহাজোটের শরিক দল। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু সাতক্ষীরা-৪ আসনের মহাজোটের শরিক আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দারের ছোটভাই জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে তার লোকজন একের পর এক বিকল্পধারার কুলা প্রতীকের নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় তারা আমার নির্বাচনী পথসভায় হামলা চালায়। এতে শাহাদাত হোসেন ও রেজা নামের দুজন কর্মী গুরুতর আহত হয়েছে। তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হচ্ছে। আহতদের মধ্যে শাহাদাত হোসেন মাথায় এবং রেজা অ-কোষে আঘাত পেয়েছেন।
এছাড়া পোস্টার ছেড়া ও নির্বাচনী প্রচার মাইক খুলে নিয়ে খুন জখমের হুমকি দিচ্ছে জগলুল হায়দার ও তার লোকজন।
বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি এইচএম গোলাম রেজা আরো বলেন, জগলুল হায়দার নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। জগলুল হায়দার খুন জখম, গাড়ি পুড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
এ সময় এক প্রশ্নের জবাবে গোলাম রেজা বলেন, প্রশাসন শান্তি শৃঙ্খলা রক্ষায় এখনো নিরপেক্ষ আছে। আমরা প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট। এ সময় তিনি শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply