নির্বাচিত হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো: সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী মাতলুব হোসেন লিয়ন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন বলেছেন, সাতক্ষীরার মানুষ রাতে ঘুমাতে পারে না। রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নির্বাচিত হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সাতক্ষীরা থেকে মাদক নির্মূল করা হবে।
শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় শেখ মাতলুব হোসেন লিয়ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়ে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকাল ৮টা থেকেই মাইকিং করা হচ্ছে, বের করা হচ্ছে মোটরসাইকেল শোভাযাত্রা। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও লাভ হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টি দলীয় প্রার্থী দিয়েছে। এসব আসনে মহাজোটের কোন একক প্রার্থী নেই।
তিনি অভিযোগ করে বলেন, সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতের প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। সাতক্ষীরা-৪ আসনেও জাতীয় পার্টির প্রার্থী সাত্তার মোড়লের প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সাতক্ষীরাবাসী ৫ জানুয়ারির মতো পরিস্থিতি আর দেখতে চায়না। এই পরিস্থিতি তৈরি হলে সাতক্ষীরার গায়ে আবার কালিমা লাগবে।
এ সময় লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, ঈসরাইল গাজী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply