কালিগঞ্জে ভুয়া ওয়ারেশ সনদ নিয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইউপি সদস্যের যোগসাজশে ভুয়া ওয়ারেশ সনদের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া গ্রামের জবেদ আলীর ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াত আলী মন্টু (৫৮)।
সোমবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, খানজিয়া রঘুনাথপুর এলাকার কালীচরণ সূত্রধরের ছেলে তারকনাথ সূত্রধর ৪২শতাংশ জমি রেখে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে স্বপরিবারে ভারত চলে যান। পরবর্তীতে ওই জমি সরকারি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। উক্ত ৪২ শতাংশ জমির মধ্যে নিয়াত আলী মন্টুর পিতা জবেদ আলী ২০ শতক জমি নিয়মতান্ত্রিকভাবে ডিসিআর নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস ও ভোগদখল করছেন। অবশিষ্ট ২২ শতক জমি শিবনাথ সূত্রধরের ছেলে সঞ্জয় সূত্রধর ওরফে নজরুল ইসলাম (নব মুসলিম) এবং নুরু গাজীর ছেলে রফিকুল ইসলাম ডিসিআর নিয়ে ভোগদখল করছেন। সম্প্রতি সঞ্জয় সূত্রধর ওরফে নজরুল ইসলাম সরকারি খতিয়ানভুক্ত ৪২ শতক জমি আত্মসাত করার উদ্দেশ্যে নিজেকে তারকনাথ সূত্রধরের ভাইয়ের ছেলে হিসেবে দাবি করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের যোগসাজশে ভুয়া ওয়ারেশ সনদ নিয়েছেন। অথচ ওই নজরুল ইসলাম তারকনাথ সূত্রধরের বংশধর নয়।
তিনি আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি সরকারি সম্পত্তির আত্মসাতের পায়তারা চালাচ্ছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূয়া ওয়ারেশ সনদ প্রদান ও সরকারি সম্পত্তি নিজেদের নামে জালিয়াতি করে রেকর্ডভুক্ত করার চেষ্টার বিষয়টি প্রমাণিত হবে।
মন্টু আরও বলেন, ইউপি সদস্য হাবিবুর রহমান এর আগেও একাধিকবার ভুয়া ওয়ারেশ কায়েম প্রদানের সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কমকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক শমসের আলী উপস্থিত ছিলেন।

Leave a Reply