সাতক্ষীরায় সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ
সাতক্ষীরায় সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকার ভারতীয় মদ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, তলুইগাছা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২/৬-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে সাতক্ষীরা সদর থানাধীন কামারবাড়ি এলাকা থেকে ৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।
সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৫/৬-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে কলারোয়া থানাধীন তালসারি এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
বাঁকাল চেকপোস্ট বিজিবির সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন মাহমুদপুর এলাকা থেকে ২,০৪,৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া থানাধীন ফকিরপাড়া এলাকা থেকে ৪,৪১,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে।
সব মিলিয়ে অভিযানে সর্বমোট ৭,২২,৮০০ (সাত লক্ষ বাইশ হাজার আটশত) টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।

Leave a Reply