ঢাকাWednesday , 17 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডা. রুহুল হক: বাংলাদেশের মানুষ পরাভব মানে না

admin ঢাকা
আপডেট: 17 October 2018, 20:41

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষ পরাভব মানে না। তারা সব দুর্যোগ সব অনিয়মকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে উল্লেখ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, ২০০৯ সালে সাতক্ষীরায় আছড়ে পড়া ভয়াবহ আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ নিজেরা দুই হাতে চরের মাটি তুলে বাড়ি তৈরী করেছে। তাদের পেটে খাবার নেই, পিপাসা নিবারণে পানিও নেই। সরকারি কোনো সাহায্য ততক্ষণে না পৌঁছালেও এর তোয়াক্কা না করেই তারা আইলা মোকাবেলা করার শক্তি ও সামর্থ দেখিয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী এই ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল। অথচ এই ঘটনার কিছুদিন পর হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানকার মানুষ লুঠপাটে নেমেছিল। এমনকি আমেরিকায় আঘাত হানা ‘মাইকেল’এ ক্ষতিগ্রস্ত মানুষ ট্রাম্প সরকারের সাহায্যের আশায় এখনও বসে রয়েছে। আমরা এমনই এক দেশে বাস করি যেখানকার মানুষ সব আঘাত সহ্য করেও ঘুরে দাঁড়ানোর সাহস দেখায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. আ ফ ম রুহুল হক বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে যে দেশটি আত্মনির্ভর হতে চায়। এই দেশ ও জাতির রয়েছে অগাধ আত্মবিশ্বাস। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ থিম সে সময়কার মিডিয়া যথাযথভাবে প্রচার করেছিল। এমনকি মহান মুক্তিযুদ্ধকালীন মিডিয়ার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। আর একারণে জাতি হিসাবে আমরা বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পেরেছি বলেও উল্লেখ করেন তিনি। দেশের যুবসমাজ এখন উন্নয়নের ধারায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি টার্নিং পয়েন্ট। বাংলাদেশের উন্নয়ন ধারাকে বুঝতে হবে, জানতে হবে এবং মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা বহুদূর এগিয়েছে। আরও কিছুদিনের মধ্যে সাতক্ষীরার মত প্রত্যন্ত এলাকায়ও মানুষ উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা লাভ করতে পারবে। তবে চিকিৎসালয়গুলোতে নানা অব্যবস্থাপনা, সেবা না পাওয়াসহ নানা সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডাক্তারের পদ রয়েছে। সরকার বেতন দিয়েছে অথচ সেখানে ডাক্তার নেই। এটা দুর্ভাগ্যজনক মন্তব্য করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। তবেই স্বাস্থ্যসেবা বহুলাংশে নিশ্চিত করা যাবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, এখানে অতি উন্নত চিকিৎসা সরঞ্জাম এসেছে। তারপরও সেবা প্রদানে পশ্চাৎপদতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ধীরে ধীরে এসব ঘাটতি পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, দৈনিক পত্রদূত’র ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, দৈনিক ভোরের কাগজের ড. দিলীপ কুমার দেব, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নির্বাহী সম্পাদক তানজির কচি, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি প্রমুখ।
ডা. আফম রুহুল হক মতবিনিময় সভায় আরও বলেন, প্রেসক্লাবের অনেক উন্নয়ন হয়েছে। ধীরে ধীরে আরও উন্নয়ন হবে উল্লেখ করে তিনি বলেন, আমিও এই উন্নয়নের অংশীদার হতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *