কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূ খুকুমনির (৩৬) ছেলে আল আমিন হোসেন শাওন (১৮) বাদী হয়ে মঙ্গলবার শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের সুভাষ মন্ডলের ছেলে বাবু মন্ডলকে (৩৯) প্রধান আসামি করে ৩ জনের নামে এই মামলা দায়ের করেন। যার নম্বর-০৮,তারিখ: ১৬/১০/১৮ খ্রি।
মামলার বিবরণে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের পালিতকাটি গ্রামের বাহারাইন প্রবাসী আব্দুল্লাহ টাপালীর স্ত্রী, দুই সন্তানের জননী খুকুমনিকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ওই রাতে নিহত খুকুমনির ফোনে তার স্বামী আব্দুল্লাহর সাথে ইমোতে করা চ্যাট দেখে বেরিয়ে এসেছে ধর্ষণ ও হত্যার সাথে কারা জড়িত। খুকুমনির বড় ছেলে শাওন সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধিকে জানান, তার মাকে হত্যা করেছে তার বাবার বন্ধু শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের সুভাষ মন্ডলের ছেলে বাবু মন্ডল এবং তার সহযোগীরা। তিনি আরও জানান, সেদিন ইমোতে তার মা বারবার তার বাবাকে ম্যাসেজ দিয়েছিলো কিন্তু তার বাবা সেটা তাৎক্ষণিক দেখতে পায়নি। সকালে তার বাবা ম্যাসেজটি দেখে তার মাকে ফোন দেয়। কিন্তু তার মা ফোন রিসিভ না করলে তাদের বাড়ির পাশের একজনকে জানালে তিনি এসে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দোষীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Leave a Reply