ঢাকাThursday , 12 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ


January 12, 2023 8:39 pm
Link Copied!

মীর খায়রুল আলম : দেবহাটায় শামসুজ্জামান (৫২) নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ফের চতুর্থ শ্রেনীতে পড়–য়া প্রতিবন্ধী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গত কয়েক বছরে এনিয়ে অন্তত ৫ বার ছাত্র বলাৎকারে অভিযোগ মিলল তার বিরুদ্ধে। অভিযুক্ত শামসুজ্জামান দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক। দক্ষিন কুলিয়া গ্রামের বাসিন্দা ভিকটিমের বাবা জানান, বিগত কয়েক মাস ধরে তার প্রতিবন্ধী ছেলেকে একাধিকবার বলাৎকার করেছেন মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শামসুজ্জামান। মাদ্রাসা ভবনের দোতলায় একটি কক্ষে ডেকে নিয়ে কখনো ভয়ভীতি দেখিয়ে আবার কখনো টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক তার ছেলেকে বলাৎকার করেন।

প্রায় প্রতিবারই বলাৎকারের পর শামসুজ্জামান ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে তার হাতে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। সর্বশেষ সপ্তাহ খানেক আগেও তার ছেলেকে বলাৎকার করেন তিনি। এসময় কিছুটা অস্বাভাবিক ভাবে ভিকটিমকে বাড়ি ফিরতে দেখে সন্দেহ হয় পরিবারের। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দফায় দফায় বলাৎকারের বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবহিত করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসির তোপের মুখে পড়ে আত্মগোপন করেন অভিযুক্ত শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান। এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি ধামা-চাপা দিতে ভিকটিমের পরিবারকে নিয়ে মাদ্রাসায় সালিশে বসে ম্যানেজিং কমিটি।

একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামানকে অজ্ঞাত স্থান থেকে আটকে সালিশে হাজির করেন ভিকটিমের পরিবার। সেখানে ওই প্রতিবন্ধী ছাত্রের বক্তব্য শোনা-বোঝা করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেন ম্যানেজিং কমিটির নেতারা। এলাকাবাসি জানায়, ইতিপূর্বে কয়েকবার একাধিক ছাত্রকে বলাৎকার করেছেন শামসুজ্জামান নামের ওই শিক্ষক। বারবার বলাৎকারের ঘটনা প্রমাণিত হলেও সাময়িক বহিষ্কার ছাড়া শামসুজ্জামানের বিরুদ্ধে স্থায়ী কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। বরং অভিযুক্ত শামসুজ্জামান একদিকে প্রভাবশালী জামায়াত নেতা এবং অপরদিকে ধনাঢ্য হওয়ায় প্রতিবারই বলাৎকারের পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে ভিকটিমদের পরিবারকে মীমাংসায় বাধ্য করেন। এতে করে বরাবরই তিনি রয়ে যান আইন-শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। শুধু বলাৎকার নয়, ২০১৩-১৪ সালে এলাকায় সরকার বিরোধী সহিংস কর্মকান্ডে অন্যতম নেতৃত্বে ছিলেন অভিযুক্ত এই জামায়াত নেতা শামসুজ্জামান।

তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সে সময়ের সভাপতি অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক নাশকতা মামলার আসামি শামসুজ্জামান হাজতবাসও করেছেন একাধিকবার। ছাত্রকে বলাৎকারের বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস বলেন, ‘এর আগেও কয়েকবার তিনি একই অপরাধ করেছেন। সেজন্য অভিযোগ পাওয়ার পরপরই শালিসের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে’। এসব বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘আমি একমাস পূর্বে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর এখনো ম্যানেজিং কমিটির মিটিং হয়নি। আগামী সোমবার মিটিং হবে। সেখানে আলোচনা সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’। কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক বলেন, বারবার কোমলমতি শিক্ষার্থীদের বলাৎকারের মতো জঘন্য ঘটনার জন্য কেবলমাত্র সাময়িক বরখাস্ত উপযুক্ত কোন শাস্তি হতে পারে না। ভিকটিমের পরিবারকে আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, ছাত্র বলাৎকারের বিষয়টি জেনে ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিট অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।