Sunday, 6 September 2026

যৌতুক মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 23 July 2018, 16:13

আদালত প্রতিবেদক: সাতক্ষীরায় যৌতুক মামলায় খলিল গাজী (৪০) নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত খলিল গাজী কালিগঞ্জের বাগবাটি গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কালিগঞ্জের বাগবাটি গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে খলিল গাজীর সাথে কাশিবাটি গ্রামের সৈয়দ আলী মোড়লের মেয়ে রেহেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় খলিল গাজীকে নগদ ৪৫ হাজার টাকা ও সাইকেল যৌতুক দেয় রেহেনার পরিবার। কিছুদিনের মধ্যে তাদের সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ে হওয়ায় খলিল গাজী রেহেনার বাবাকে ফের যৌতুকের চাপ দেয়। ওই সময় তাকে আরও ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এর কিছুদিন পর খলিল গাজী ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রেহেনার উপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নির্যাতিত হয়ে রেহেনা কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে চিকিৎনা নিয়ে সে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয়। পরে রেহেনা খাতুন বাদী হয়ে আদালতে খলিল গাজী ও তার বাবা-মার বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামি খলিল গাজীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উপরিউক্ত সাজার আদেশ দেন আদালত। তবে, তার বাবা ও মার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরে খালাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *