সদর উপজেলায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। উদ্বোধন পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দেশের সকল পরিকল্পনার জন্য জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব অপরিসীম। দেশে এই সর্ব প্রথম ডিজিটাল ট্যাবের মাধ্যমে জনশুমারি ও গুহগণনা শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন’।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালেব, সাতক্ষীরা সদর জোনাল অফিসার (জোন-১) মাস্টার ট্রেইনার হাফিজুর রহমান, আই টি সুপারভাইজার মহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় ম্যানুয়াল ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন মাস্টার ট্রেইনার হাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালাটি দুইটি ধাপে ৪ থেকে ৭ জুন এবং ৯ থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

Leave a Reply