নিজস্ব প্রতিবেদক : শনিবার থেকে সাতক্ষীরায় করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সাতক্ষীরায় বুস্টার ডোজের উদ্বোধন করা হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ৬মাস অতিক্রম করেছেন তাদের মধ্যে সম্মুখ সারির যোদ্ধারা প্রথমে বুস্টার ডোজ পাবেন। তিনি বলেন, সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, জেলা জজ শীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও পৌরসভার কাজে নিয়োজিত এবং সিনিয়র সিটিজেন (৬০ বছরের ব্যক্তিরা) প্রথমে বুস্টার ডোজের আওতায় আসবে।
সাতক্ষীরা সিভিল সার্জন আরো জানান, ‘করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে আগে থেকে নিবন্ধন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস দেওয়া হবে। এসএমএস ছাড়া কাউকে এই ডোজ দেওয়া হবে না। যারা এসএমএস পাবে শুধু তারাই এই ডোজ নিতে পারবেন। তাছাড়া এসএমএস পাওয়ার পর নতুন করে টিকা কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। ইতিমধ্যে এসএমএস পাঠানোর কাজ শুরু হয়েছে’। এরআগে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ট্রায়াল রান ও বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষা শেষে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বুস্টার টিকার ডোজ প্রয়োগ। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি শনিবার থেকে সাতক্ষীরায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে।
