সনাকের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক-সাতক্ষীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, দুর্নীতি বিরোধী সাইকেল র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে সনাকের ইয়ূথ এনজেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস বন্ধু গ্রæপের সদস্যসহ সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য ড. দিলারা বেগম।
এ সময় সনাক সদস্য প্রোফেসর আব্দুল হামিদ ও পল্টু বাসার, স্বজন সদস্য মনিরুজ্জামান টিটু ও সৈয়েদা সুলতানা, মনিরুজ্জামান মুন্না ও সাবেক ইয়েস সদস্য অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হয় সাইকেল র্যালি। র্যালিটি ট্রাফিক জ্যাম এড়াতে ছোট রুটে আয়োজন করা হয়, যা সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড, সঙ্গীতা মোড়, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে দিয়ে, পোস্ট অফিস ও ফুড অফিস মোড় হয়ে সনাক অফিসে এসে শেষ হয়।
র্যালিতে ৭০টির মত সাইকেলসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে টিআইবি’র খুলনা ক্লাস্টারের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন আইন, তথ্য অধিকার আইন-২০০৯, টেকসই উন্নয়ন অভিষ্ঠ-১৬, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং জাতিসংঘের দুর্নীতি-বিরোধী সনদ (ইউনাইটেড ন্যাশানস্ কনভেনশান এগেইনস্ট করাপশান) উপরে তরুন শিক্ষার্থীদের একটি অনলাইন অরিয়েন্টেশন এবং অরিয়েন্টেশন পরবর্তী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অরিয়েন্টেশন ও কুইজে খুলনা ও বরিশাল বিভাগের একশত জন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য অংশগ্রহণ করেন। দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও সাইকেল র্যালিসহ সকল আয়োজন সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই, মো. রবিউল ইসলাম।

Leave a Reply