নিজস্ব প্রতিনিধি : শহরের মিনি মার্কেটে কলকাতা কাচ্চি বিরিয়ানি হাউসের বিরুদ্ধে ভেজাল খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস্ এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) সংস্থার যুবদের উদ্যোগে খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের মালিক শ্রমিকদের নিয়ে একটি সংলাপের আয়োজন করা হয়। সংলাপে মোট ২২ জন মালিক-শ্রমিক এবং যুবসদস্য সহ হেড সংস্থার ২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সেখানে যুবরা শহরের মিনি মার্কেট অবস্থিত কলকাতা কাচ্চি বিরিয়ানি হাউজ থেকে ২২ প্যাকেট বিরিয়ানি ক্রয় করেন। পরবর্তীতে ওই বিরিয়ানি খাওয়ার ফলে উপস্থিত ২২ জনই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২২ জনের মধ্য আরো পাঁচজন আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সবাই পেটের পীড়া এবং জ্বরে ভুগছেন।
অভিযোগে বিষয়ে কলকাতা বিরিয়ানি হাউজের স্বত্ত¡াধিকারী মো. রাজু আহম্মেদ সরদার বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। পুলিশ ইউএনও এসে সবকিছু দেখে গেছে’। এ বিষয়ে কোলকাতা কাচ্চি বিরিয়ানির বিরুদ্ধে ভেজাল খাদ্য সরবরাহের অভিযোগে সাতক্ষীরা সদর ইউএনও ও সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হেড সংস্থা’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর ইউএনও বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়ে সেখানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শনকালে জানা গেছে ঘটনা একদিন আগের। তাছাড়া খাবারের মান পরীক্ষা না করে কোন সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই ওই প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে’।
