কালিগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দুর্বৃত্তরা উজ্জ্বল কর্মকার (৩৮) নামে এক জুয়েলার্স মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের অরুণ কর্মকারের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ীর ছোট ভাই উত্তম কর্মকার জানান, তার বড় ভাই উজ্জ¦ল কর্মকারের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর বাজারে মৌমিতা জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাইকেল যোগে নিজ বাড়ি কোমরপুরে আসছিলেন। পথিমধ্যে সাড়ে ৭ টার দিকে কোমরপুর এলাকার জনৈক আবুল চৌধুরির বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত এসে তার ভাইয়ের গতিরোধ করে ছুরিকাঘাত করে।
ওই সময়ে তার কাছে থাকা নিজ দোকানের ৫ থেকে ৬ আনা স্বর্ণ ও ৫০ টি নাকফুল ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উজ্জ্বলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান তিনি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বিষয়টি এই মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply