নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির কাপসন্ডায় সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক হিন্দু নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মনিকা দেবনাথ (৪৫)। বুধহাটা গ্রামের মৃত রনজিৎ দেবনাথের স্বামী পরিত্যক্তা মেয়ে।
কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী জানান, গত ৮ জুলাই সন্ধ্যায় আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির থেকে দুটি মূর্তি চুরি হয়ে যায়। সম্প্রতি এলাকার বাবু ঢালি নামের এক কবিরাজ মনিকা দেবনাথের অসুস্থ ভাই ব্রজেন দেবনাথ কে ঝাড় ফুক করতে যায়। এ সময় মনিকার ঘরে দুটি মূর্তি দেখে কবিরাজ বাবু ঢালি জানতে চাইলে মনিকা একটি কৃষ্ণ মূর্তি ও নারায়নের মূর্তি চার হাজার টাকা দিয়ে কিনেছেন বলে কবিরাজকে জানায়। সে ঘর থেকে পিতলের কৃষ্ণ মূর্তি এবং পাথরের নারায়নের মূর্তিটি বাইরে এনে কবিরাজকে দেখায়। পরে কবিরাজ বিষয়টি কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির কর্তৃপক্ষকে জানায়।
মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি আশাশুনি থানা পুলিশকে অবহিত করে। গত বুধবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবিরের নির্দেশে এসআই জাহাঙ্গীর হোসেন ও এসআই মামুনের নেতৃত্বে বুধহাটা দুর্গা মন্দিরের পাশে মনিকার বাবার বাড়ি থেকে তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদের পর মূর্তি চুরির ঘটনা সে পুলিশকে জানায়। এর সাথে আর কারা জড়িত সে বিষয়েও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, মনিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে স্বামী পরিত্যক্তা মহিলা। তবে কারা মূর্তি চুরির সাথে জড়িত সেটি খুঁজে বের করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
