ঢাকাMonday , 19 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে র‌্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা

admin ঢাকা
আপডেট: 19 July 2021, 22:10

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব সদস্যদের উপর চোরাচালানিদের হামলা, গাড়ি ভাঙচুর ও লুট পাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক এলাহি মিয়া বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। সাতক্ষীরার ভার্সুয়াল আদালত-৩ এর বিচারক রাকিবুল ইসলাম রিমান্ড শুনানি শেষে বিকালে তাকে রিমান্ড মঞ্জুর না করে জামিন দেন।

মামলার অপর আসামিরা হলেন, শ্যামনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সামছুল আলী গাজীর ছেলে ইউনুছ আলী, একই উপজেলারে রমজাননগর গ্রামের শেখ মাকসুদ হোসেনের ছেলে মজিবুল ইসলাম, একই গ্রামের নেসার মোল্লার ছেলে হযরত আলী, আব্দুল হামিদের ছেলে ফজের আলী, শেখ আব্দুল গফফারের ছেলে শেখ আলমগীর হোসেন ও শিবচন্দ্রপুর গ্রামের বিল্টু বর্মনের ছেলে প্রদীপ বর্মণসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন। মামলার বিবরণে জানা যায়, গত ১৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে বাদি এলাহী মিয়াসহ র‌্যাব সদস্যরা রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তিন রাস্তার মোড়ে মাদক কেনা বেচা হচ্ছে মর্মে গোপন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যান।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর র‌্যাব সদস্যরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আসামিরা র‌্যাব সদস্য ও তাদের সোর্সদের মোটর সাইকেলের গতিরোধ করে চাবি কেড়ে নেয়। র‌্যাব পরিচয় জানতে পেরে আসামি আল মামুনের নেতৃত্বে আসামিরা পাঁচ র‌্যাব সদস্যকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় র‌্যাব সদস্যদের কাছে থাকা নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট কেড়ে নেওয়া হয়।

ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার। হামলায় র‌্যাব সদস্যদের ছয় লাখ টাকা ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন র‌্যাব সদস্যদের উপর হামলার কথা অস্বীকার করে বলেন, গত ১৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তার চাচাতো ভাই ইউপি সদস্য জাহাঙ্গির শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। চোরা কারবারিরা র‌্যাব সদস্যদের উপর হামলা করেছে এমন খবরের ভিত্তিতে তাকে মোবাইল ফোনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে রমজাননগরে আসতে বলা হয়। পরে তাকে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে ডেকে নিয়ে রোববার তার নামে মামলা দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, হামলা, ভাঙচুর ও লুট পাটের ঘটনায় র‌্যাব এর উপ-পরিদর্শক এলাহী মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সাতক্ষীরা আদালতের কোর্ট পরিদর্শক অমল কুমার বিশ^াস জানান, এ মামলায় রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে দুপুরে সাতক্ষীরার ভার্সুয়াল আদালত-৩ এ হাজির করে ৩ দিনের রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক রাকিবুল ইসলাম রিমান্ড শুনানি শেষে তাকে রিমান্ড নামঞ্জুর করে জামিন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *