ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় মন্দিরের তালা ভেঙে প্রতিমায় আগুন
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ায় রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত অবারিত দাস বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূজা অর্চনা করে মন্দিরের পাশে একটি রুমে ঘুমিয়ে পড়ি। ভোর ৫টার দিকে উঠে দেখি মন্দিরের মেইন গেট খোলা। ভিতরে গিয়ে দেখি মন্দিরের জগ্ননাথ দেব, রাধা কৃষ্ণ ও অন্য দুটি প্রতিমার শরীরের কাপড় পুড়ে গেছে। সাথে সাথ ঘটনাটি মন্দির কমিটির সভাপতি মোহন লাল ঘোষ, সাধারণ সম্পাদক জগন্নাথ পাল ও সেবায়েতকে জানাই।”
মন্দির কমিটির সভাপতি মোহন লাল ঘোষ জানান, গভীর রাতে কে বা কারা মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে প্রতিমার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মন্দিরের প্রতিমাগুলোর কাপড় চোপড় পুড়ে যায়।
এদিকে, খবর পেয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনাস্থল, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply