মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জে ব্যাডমিন্টন ও সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কালিগঞ্জে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা ফাইভ স্টার যুব সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। কলিযোগা ফাইভ স্টার যুব সংঘের এমন মহৎ উদ্যোগে সত্যি আমি গর্বিত। সংগঠনের সভাপতি ওবায়দুল্লাহ খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক রবিউল ইসলাম, মিরান হোসেন, মিঠুন ও ইয়াছিন আলী। খেলার ফাইনালে কালিগঞ্জের আশিক ও কামরুল জুটিকে পরাজিত করে সাতক্ষীরার মেহেদী ও গালিব জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply