কৈখালীতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের কৈখালীতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করে কৈখালী বিজিবি ক্যাম্পের জায়গা ভরাট করা হচ্ছে। সাইফুল ইসলাম নামের একজন ঠিকাদারের মাধ্যমে গোলাখালী বালুর চর নামক স্থান থেকে কার্গোর ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিজিবি ক্যাম্পের জায়গা ভরাটের কাজ করছে। তবে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলনের ঘটনায় ঠিকাদার সাইফুল বলেন, ‘বিজিবি রিভারাইন কর্নেল মিল্টন কবীর স্যার সাথে কথা বলেন। আমি তার কাছ থেকে এই কাজটি পেয়েছি’। নীলডুমুর ১৭ বিজিবি রিভারাইন সিও লে: কর্নেল মিল্টন কবীর বলেন, ‘আমি ডিসি স্যারের কাছ থেকে সরকারি কর দিয়ে বালু উত্তোলনের অনুমোদন নিয়ে এসেছি’। তবে স্থানীয়দের দাবি, ‘ওই এলাকা বালু উত্তোলনের জন্য উপযুক্ত কি’না সে বিষয়ে কৈখালী ভূমি কর্মকর্তা সুধীন কুমারের কাছে জেলা প্রশাসক প্রতিবেদন চাইলে ভূমি কর্মকর্তা সুধীন কুমার ঠিকাদারের সাথে আর্থিক লেনদেনে জড়িয়ে বালু উত্তোলনের উপযোগী হিসাবে প্রতিবেদন দাখিল করেছেন’। এ বিষয়ে কৈখালী ভূমি কর্মকর্তা সুধীন কুমার বলেন, ‘আমার আগে যে ভূমি কর্মকর্তা ছিল সেই রিপোর্ট দেখে আমি পুনরায় প্রতিবেদন দিয়েছি’। এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘ডিসি স্যার অনুমতি দিয়েছেন, আমি কি বলতে পারি’! এমতাবস্থায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভাঙন কবলিত এলাকাবাসী।

Leave a Reply