রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত ঝাউডাঙ্গার কারুশিল্পীরা
স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গা পূজাকে ঘিরে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কারুশিল্পীরা। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) মহা-ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ওইদিন শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ, বোধন ও আমন্ত্রণ এবং অধিবাসের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকঢোল, শাখ, শঙ্খ, কাসা ও মৃদঙ্গ বাজিয়ে ও আরতি করে পূজা অর্চনার মাধ্যমে ভক্তপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা দুর্গা মাকে বরণ করে নেবে। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত পরিসরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ারিয়া পূজা কমিটির বাবু অঞ্জন ঘোষ জানান, দেবী দুর্গা এবার মর্ত্যলোকে আসছেন দোলায় চড়ে। আর বিজয়া দশমীতে শ্বশুরালয়ে ফিরে যাবেন গজে চড়ে। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গা পূজা ঘিরে ইউনিয়নের সকল মন্দির ও পূজা মন্ডপে এখন চলছে শেষ মুহ‚র্তের রং তুলির আঁচড়ে প্রতিমা সাজানোর কাজ। দেশব্যাপী করোনা পরিস্থিতির কারণে আয়োজন অনেকটা সীমিত পরিসরে হচ্ছে। তিনি আরও জানান, এবার ঝাউডাঙ্গা ইউনিয়নে প্রায় ১৮টি পূজা মন্ডপে চলছে আয়োজন। পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে বেড়েছে ব্যস্ততাও। শ্রদ্ধা আর ভালোবাসার সাথে রাত দিন সমান তালে কাজ করছেন কারুশিল্পীরা। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য (প্রস্তাবিত) বাবু জয়দেব ঘোষ জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকলের সহযোগিতা পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে’। এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এ জন্য নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে কোন প্রকার ত্রæটি হবে না বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

Leave a Reply