গণ-শুনানিতে অভিযোগ করেও নিজেদের জমি ফিরে পায়নি দরগাপুরের কয়েক শত পরিবার
ডেস্ক রিপোর্ট : আশাশুনির দর্গাপুর ইউনিয়নের রামনগর গ্রামে আব্দুল মাজেদ সরদারের কবল থেকে নিজেদের জমি ফেরত পেতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের রামনগর বাজারে ভুক্তভোগী কয়েক শত পরিবারের সদস্যরা তাদের জমি ফেরত পাওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে কাদাকাটি এলাকার রনজিত সরকারের ছেলে ভুক্তভোগী তন্ময় কুমার সরকার বলেন, ‘আমার পিতার রেখে যাওয়া ১ একর ২১ শতক জমি এলাকার সাবেক মেম্বার ভূমি-দস্যু আব্দুল মাজেদ কৌশলে নিজের নামে রেকর্ড করিয়ে জাল দলিল সৃষ্টি করে অবৈধভাবে দখলে রেখেছে। ইতিপূর্বে আমি মাজেদের বিরুদ্ধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জমি উদ্ধার করতে না পেরে আদালতে মামলা করলেও তার অজানা শক্তি কাজে লাগিয়ে এখনও অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছে। মাজেদের কবল থেকে জমি উদ্ধারে নেমে আমি আজ নি:স্ব হয়ে পথে বসেছি’।
মানববন্ধনে ইউনিয়নের রামনগর এলাকার বাবুর আলী সরদারের ছেলে ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, ‘আব্দুল মাজেদ এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কয়েক শত পরিবারের জমি অবৈধভাবে নিজের দখলে রেখে শত শত পরিবারের জমি ভোগদখল করে যাচ্ছে। তার বিরুদ্ধে কিউ মুখ খুলতে সাহস পায় না। আমার বাবার রেখে যাওয়া ৯৫ শতক জমি সে অবৈধভাবে জোরপূর্বক নিজের দখলে রেখেছে। আমার জমি আমি ফেরত চাইলে আমার পরিবার ও আমাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেয়। আদালতে মামলা করেছি কিন্তু দিন দিন আদালতের কার্যক্রম লম্বা হচ্ছে আর আমিসহ আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছি’।
মানববন্ধনে কাদাকাটি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি হয়ে ওই ভূমি-দস্যু আব্দুল মাজেদের থেকে জমি কিনে এখনও আমার জমিতে দখলে যেতে পারিনি। সে আমার ৩২ শতক জমি অবৈধভাবে জবর দখল করে রেখেছে। একজন জনপ্রতিনিধি হয়ে আমি ওই ভূমি-দস্যুর কবল থেকে নিজের জমি উদ্ধার করতে পারছি না। তাহলে সাধারণ জনগণ তার থেকে কীভাবে জমি উদ্ধার করবে তা আমার বুঝে আসছে না। আমার সহ এই এলাকার সকল অসহায় পরিবার যাদের জমি ওই ভূমি-দস্যু মাজেদের কবলে আছে তাদের জমি উদ্ধারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি’। এছাড়া মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে ওই এলাকার অমল কৃষ্ণ সরকার, স্বপন ঘোষাল, রাতুল বসু, চৈতন্য রায় ও ভ্যান চালক সনাতন দাশসহ একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ‘এই এলাকার অসহায় দিন মজুর থেকে শুরু করে প্রায় শতাধিক পরিবারের জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে কয়েক বছর ধরে। তার নির্যাতনে নিরুপায় হয়ে আমরা ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস সহ সাতক্ষীরা জেলা প্রশাসকের গণ-শুনানিতে ভূমি-দস্যু মাজেদের বিরুদ্ধে অভিযোগ করি। জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমাধানের নির্দেশনা দিলেও আব্দুল মাজেদ প্রশাসনকে ভুল বুঝিয়ে বিভিন্ন তাল-বাহানায় দিনাতিপাত করে সমাধানে বিঘœ ঘটায়। বর্তমানে করোনা পরিস্থিতিকে অবলম্বন করে তার আর কোন কার্যক্রম না থাকায় ভূমি-দস্যু মাজেদ সরদার আবারও বেপরোয়া হয়ে উঠেছে’। এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি উদ্ধার পূর্বক জাল-জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখলবাজ আব্দুল মাজেদ সরদারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply