আশাশুনিতে জেলা প্রশাসকের বন্ধু সংগঠনের নৌকা ও নগদ অর্থ প্রদান
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বন্যায় প্লাবিত মানুষকে যাতায়াতের জন্য নৌকা ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু সংগঠনের ৪ বন্ধু। রবিবার দুপুরে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেটে এ নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, ‘আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু সংগঠনের মোস্তফা, মেহেদী, সুমন সাতক্ষীরার বন্যা পরিস্থিতি দেখে মর্মাহত হয়ে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। বন্ধুরা উপলব্ধি করেছেন যে ত্রাণ নিয়ে যার যার ঘরে পৌঁছানোও একটা বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে। তাই ত্রাণ সরবরাহের জন্য শ্রীউলার ৩ টি ও প্রতাপনগরের জন্য ২ নৌকা এবং আরও ৫টি নৌকা মেরামত করতে আর্থিক সহায়তাসহ ১শ’ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫শ’ টাকা হারে প্রদান করা হয়েছে’।
জেলা প্রশাসকের বন্ধু গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র হলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে সেটাকে বেগবান করতেই আমাদের এ প্রয়াস’।
এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও শেখ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply