কলারোয়া প্রতিনিধি: কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া মডেল হাইস্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি রাষ্ট্র ও জাতির উন্নতির পূর্বশর্ত শিক্ষিত জনগোষ্ঠী। আর তাই বর্তমান সরকার শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করার চিন্তা ভাবনা করছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও দেশের প্রাথমিক স্কুলগুলো জাতীয়করণ, সকল উপজেলায় একটি করে হাইস্কুল ও কলেজ জাতীয়করণ করে প্রমাণ হয়েছে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের ধারাবাহিকতা থাকলে শিক্ষা ব্যবস্থারও উন্নতি ও উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান। পরে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি।
