শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নামে ভুয়া ফেসবুক আইডি: থানায় জিডি
শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নামে ফেসবুক ভুয়া আইডির বিরুদ্ধে শ্যামনগর থানায় পৃথক ২টি জিডি করা হয়েছে। জিডি নং ৪৪৮ ও ৪৭৫। বুধবার (১০ জুন) ১ম জিডি করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোহনা টিভি ও দৈনিক সময়ের খবর পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শেখ আফজালুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) ২য় জিডি করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল।
সূত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ফেসবুক আইডি একাউন্ট বা ফেক আইডি থেকে নানা ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। অপ্রাসঙ্গিক এবং অশ্লীল নানা প্রসঙ্গ উল্লেখ পূর্বক প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা কামাল ও সদস্য শেখ আফজাল সহ প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টাও করা হচ্ছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নিয়ন্ত্রিত ফেসবুকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ফেসবুক একাউন্ট বা আইডি নেই। আইডিটি ফেক আইডি হিসেবে প্রতীয়মান হওয়াকে কেন্দ্র করে তদন্তাধীন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ফেসবুক আইডি চালুসহ নানা ধরনের প্রচারণার ঘটনা খুবই উদ্দেশ্যমূলক। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষের অজ্ঞাতে পরিচালিত এ একাউন্ট বা আইডি থেকে দেশ, সমাজ, রাষ্ট্র বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক প্রচারণা ছড়ানোর মাধ্যমে ব্যক্তি বিশেষের সামাজিক সুনাম ক্ষুন্নসহ নানা ধরনের আশঙ্কা প্রকাশ করে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি ২টি করা হয়। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, দুষ্কৃতিকারীদের অবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply