কৃষ্ণনগরে বেড়ি-বাঁধ ভাঙনে পানিতে নতুন করে প্লাবিত
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের পরে ঝুঁকিপূর্ণ বেড়ি-বাঁধ ভেঙে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নতুন করে প্লাবিত হয়েছে। শনিবার (০৬ জুন) ভোর রাতে পার্শ্ববর্তী ইউনিয়ন কাশিমাড়ী ঘোলা নামক স্থানে নতুন করে ভাঙনের কারণে কৃষ্ণনগর ইউনিয়নের ৭টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছে মৎস্য ঘের, সবজি ক্ষেত, ফলজ-বনজ বৃক্ষ ও বসতবাড়ি।
স্থানীয়রা বলছেন, ‘ইউনিয়নের প্লাবিত এলাকার পানি নদী বা খাল দিয়ে বেরোতে পারছে না। ফলে আমরা পানিবন্দি হয়ে আছি। ইউনিয়নে যে কয়টি খাল ও শাখা নদী আছে তার প্রায় ২০ হাতের মধ্যে নেট-পাটা দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা’।
এ ব্যাপারে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী জানান, ‘আমি এবং উপজেলার চেয়ারম্যান ঘূর্ণিঝড় আম্পানের পর ঘোলার ভেড়ী বাঁধ কয়েক বার বেঁধেছি। কিন্তু বর্তমান পূর্ণিমার গোন চলার কারণে ভেড়ীর উপর দিয়ে পানি আসায় এই ভাঙন সৃষ্টি হয়েছে। ইউনিয়ন প্লাবিত হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল ও উপজেলার চেয়ারম্যান সাইদ মেহেদীকে অবহিত করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা পুনরায় বাধ দিয়ে জলাবদ্ধতা দূর করতে পারব’।

Leave a Reply