চাম্পাফুলে বসত ঘর ভেঙে চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের বিরুদ্ধে বসত ঘরের দেওয়াল ভেঙে রাতারাতি চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত ঘনশ্যাম রায়ের ছেলে মুক্তিযোদ্ধা সুশিল রায়। লিখিত অভিযোগে উল্লেখ করেন, বহুদিন যাবৎ আমার ভাই পরিতোষ রায়ের সাথে জমি নিয়ে ঝামেলা চলে আসছিল।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোন প্রতিকার পাইনি। আমার ছেলে সরকারি চাকরির সুবাদে আশাশুনি উপজেলার নাটানা গ্রামে ছেলের সাথে থাকার সুযোগ কাজে লাগিয়ে আমার বসত ঘরের দেওয়াল ভেঙে রাতারাতি চলাচলের রাস্তা তৈরি করেছে। বিষয়টি জানতে চাইলে আমার ভাই পরিতোষ আমাকে বিভিন্নভাবে শায়েস্তা করবে বলে সাফ জানিয়ে দেয়। এ বিষয় নিয়ে আমি মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জে একটি লিখিত আবেদনও করেছি।
সংশ্লিষ্ট বিষয়ে মুক্তিযোদ্ধা সুশিল রায়ের ভাই পরিতোষের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমার ভাই সুশিল রায় আমার বিরুদ্ধে যে অভিযোগটি করেছে তা অসত্য। মূলত ঘটনা হলো দীর্ঘ দিনের পথ নিজেদের পরিচর্যার অভাবে বিনষ্ট হতে বসেছিল। আমিসহ আমার আশেপাশের দুইটি পরিবারের চলাচলের জন্য একমাত্র পথ এটি। আমার ভাই বহুদিন যাবৎ নাটানায় তার ছেলের সাথে বসবাস করে আসছে। বরং তার জমিতে থাকা একটি ঝুঁকিপূর্ণ টালির ছাউনি ঘর ভেঙে পড়ার ভয়ে আমরা বিপদপূর্ণ ভাবে চলাফেরা করছি’।
এ বিষয়ে ইউপি সদস্য আবুবক্কার গাইন জানান, যে পথ নিয়ে মুক্তিযোদ্ধা সুশিল রায় পরিতোষ রায়ের উপর অভিযোগ এনেছে মূলত এ পথটি দীর্ঘদিনের এবং যে জমির মালিক মৃত জ্যোতিশ সরকার, আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি চাই অচিরেই ঝুঁকিপূর্ণ ঘরটি অপসারণ করে চলাচলের পথ সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্লেষণ পূর্বক শান্তিপূর্ণ সমাধানের।

Leave a Reply