Sunday, 6 September 2026

শ্যামনগরে ব্যাতিক্রমী উদ্যোগ; পুলিশ বাহিনীকে “কোভিড ওয়ারিয়ার” প্রশিক্ষণ প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 May 2020, 20:00

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, যেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি বাড়ছে সম্মুখ সমরে থাকা ডাক্তার, স্বাস্থ্য সেবা কর্মী, পুলিশ, সেনা সদস্যদের আক্রান্তের সংখ্যাও। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কোন চিকিৎসাই এখনও আবিস্কার হয়নি, ভাইরাসটি থেকে বেঁচে থাকার একমাত্র উপায় সংক্রমণ প্রতিরোধ। সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠী যারা পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত নয় তারা লকডাউন বা চলাচল সীমিত করণে অনভ্যস্ততার কারণে সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

করোনা আক্রান্তের সাথে সমাজ যখন বিরূপ আচরণ করছে, গুজব ছড়িয়ে পড়ছে, জনগণ না বোঝার কারণে আইসোলেশন/কোয়ারেন্টাইন মানছেন না, মৃতের সৎকারেও কেউ এগিয়ে আসছেনা। এছাড়া অতি দরিদ্র দিনমজুর শ্রেণীর মানুষ যারা বর্তমান অবস্থার কারণে অনাহার/অর্ধাহারে দিনাতিপাত করছে এদের কাছে ত্রাণ পৌছানো সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন সম্মুখ সারির যোদ্ধাকে হারিয়েছে বাংলাদেশ।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিএবং সুরক্ষিত থেকে সেবা প্রদান করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশিক্ষণ এর প্রয়োজনীয়তা অনুভব করেন। মঙ্গলবার(১২ মে) শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরীসহ মোট কুড়ি জন পুলিশ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারীএবং বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (এনজিও) এর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ হাসপাতাল এর পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মোজাহেদুল হক প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন।

ফ্রেন্ডশিপ হাসপাতালের কনফারেন্স কক্ষে হাসপাতালের কনসালট্যান্ট, ডাক্তার ও ইনস্ট্রাক্টরগণ ত্বাত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করছেন। করোনা ভাইরাস পরিচিতি, ইতিহাস, আক্রান্ত রোগীর সংজ্ঞা, রোগী চিহ্নিত করণ, কোয়ারেন্টাইন/আইসোলেশন, সংক্রমণ প্রতিরোধে করণীয়, হাত ধোয়ার পদ্ধতি, পিপিই পরিধান ও ব্যবহার, পরিবেশ জীবাণূ মুক্তকরণ, ঘরে রোগীর পরিচর্যা, সামাজিক কুসংস্কার, মৃতদেহ দাফন ও সৎকার, পুলিশ সদস্যদের করণীয়, হোটেল/রেস্টুরেন্ট, মার্কেট/শপিংমল, ব্যাংক/বীমা, সেলুন, কৃষি বাজার, পার্ক তদারকিতে করণীয় ইত্যাদিবিষয়ে সময় উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় ৩ (তিন) ব্যাচে ইতিমধ্যে ৪৭ (সাতচল্লিশ) জন স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার শুরু হওয়া ৪র্থ ব্যাচে ২০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবীকে সুরক্ষা সামগ্রীর সেট প্রদান করা হয়। আগামী ১৪ এপ্রিল থেকে ৫ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *