আটুলিয়ায় খোলপেটুয়া নদীর বেড়ি-বাঁধে ভাঙন
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী কুনির মাথায় বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে সাপোর্টিং বাঁধ উপচে নদীর পানি ঢুকেছে লোকালয়ে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১২ টার দিকে এ ভাঙনের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় ও নদীতে ভাটা নামার ফলে পানির গতিবেগ নিয়ন্ত্রণে আসে। কিন্তু তাদের শঙ্কা কাটছে না বলে জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ অনেক আগে থেকেই ওই বেড়ি বাঁধের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পত্র পত্রিকায় লেখা হলেও বেড়ি বাধ সংস্কারের তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্টরা।
স্থানীয় ঘের মালিকরা বলছেন, ‘জনপ্রতিনিধিদের অনেক আগে থেকে জানালেও কোন সাড়া পাইনি। যদি দ্রæত সময়ে বেড়ি বাধ সংস্কার করা না হয় তাহলে আটুলিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ২/৩ ইউনিয়নে নদীর পানি প্রবেশ করে ফসলি জমি সহ মৎস্য ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে’।
খবর পেয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউপি সদস্য সৈয়দ কামাল উদ্দিন প্লাবিত স্থান পরিদর্শনে গেলে বিক্ষিপ্ত জনতা ও ঘের মালিকদের রোষানলে পড়েন।
তবে দোষারোপের বিষয়টি ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু অস্বীকার করে বলেন, আমি খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের লোকজন বিকেল থেকে সেখানে কাজ করছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দ হয়েছে। করোনা ভাইরাসের কারণে কাজে একটু বিলম্ব হয়েছে। খুব শীঘ্রই বরাদ্দে কাজে শুরু করা হবে’।

Leave a Reply