শ্যামনগরে অনলাইন শপিং সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : ‘করোনামুক্ত আগামীতে চলতে বাজার এখন আপনার বাড়িতে’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে অনলাইন শপিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনলাইন শপিংয়ের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।
অনলাইন শপিং সেবাটি উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে সোনার বাংলা শপিং সেন্টারের সহযোগিতায় এই কার্যক্রমটি চলমান থাকবে এবং হোম ডেলিভারি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘করোনা ভাইরাস আক্রান্তে বাংলাদেশ সহ সারা পৃথিবী আজ ভয়াবহ মহামারি ও জীবন বিপন্নকর অবস্থার মধ্যে পতিত। এই মুহ‚র্তে আমাদের সকলের দায়িত্বশীল আচরণই অন্যতম হাতিয়ার এই বিধ্বংসী ভাইরাস কে প্রতিহত করার। তাই ঘরে থাকুন, পৃথিবীকে বাঁচাতে যুদ্ধে অংশ নিন’।
সোনার বাংলা শপিং সেন্টারের এমডি নাজমুস শাদাত পলাশ বলেন, ‘বর্তমানে প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল আর্থ-সামাজিক দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে সমস্ত ঝুঁকি বিবেচনা করে মানবিক সেবায় উদ্বুদ্ধ হয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী’র উৎসাহে, সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় সকল স্বাস্থ্য বিধি মেনে চলে আপনাদের সেবা দিতে সূচনা হলো সোনার বাংলা পরিবার-এর অন্যতম সেবা ‘সোনার বাংলা অনলাইন সার্ভিস’। গ্রাহকের অতি প্রয়োজনীয় পণ্য-সামগ্রী, বাজার-সদাই প্রতিদিন এর বাজার দর অনুযায়ী নির্দিষ্ট পরিবহণ ভাড়া নিয়ে পৌঁছে দেওয়া হবে গ্রাহকের আঙিনায়।
এই সময়ে লাভ নয়, জীবন ধারণ ও আপনার আন্তরিক সহযোগিতাপূর্ণ আচরণ আমাদের সকলের পথচলা ও আগামীকে অনেক সুন্দর করবে-এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানে বাড়ি বাড়ি রেস্তোরা’র ইফতার, বিরিয়ানি, তেহারি, হালিম সহ বর্তমান সময়োপযোগী প্রাপ্ত খাদ্য সরবরাহ করার আপ্রাণ প্রচেষ্টা থাকবে’।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সদস্য রনজিত বর্মন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply