শহরের ইটাগাছা এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকান্ড
নিজস্ব প্রতিনিধি : সতাক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ইটাগাছার রংধনু মার্কেটে রানা মিস্ত্রির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক রানা মিস্ত্রি জানান, ‘সাতক্ষীরা জেলার বাইরের একটি ট্রাক আমার গ্যারেজে বডির কাজ করাচ্ছিল। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য জেলায় লক-ডাউনের কারণে ও সকলের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হওয়ায় ট্রাকটির কাজ বন্ধ হয়ে যায়।
ট্রাকের দুই জন স্টাফ তাদের বাড়ি যেতে না পেরে আমার গ্যারেজে থাকা খাওয়া করে। সকালে রান্না করার সময় গ্যাসের চুলা জালাতেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়।
আব্দুল্লাহ নামের এক পথচারী আগুন দেখতে পেয়ে ৯৯৯ কল দিয়ে জানানোর কিছুক্ষণ পরেই দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে’।
এ বিষয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজের ভিতরে কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডে মানুষের কোন ক্ষয়-ক্ষতি হয়নি’।

Leave a Reply