সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : করোনার ভয়ে সারাবিশ্ব কাঁপছে, লক ডাউনে ঘর বন্দী হয়ে পড়েছে দেশবাসী, জরুরী প্রয়োজন ছাড়া রাস্তা, বাজার-ঘাট সহ বাইরে বেরোতে পারছে না জনসাধারণ। ঠিক তখনই শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী টিম সহ সিপিপি স্বেচ্ছাসেবক ও সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। টিমের আহ্বায়ক এসএম আবির হোসেন ও সদস্য সচিব মো. আশিকুর রহমানের নেতৃত্বে দেশ তথা জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী ওই টিম। তারা দিন-রাত ২৪ ঘণ্টা নি:স্বার্থে দেশবাসীকে মরণঘাতী করোনা থেকে রক্ষা করতে নিরলস ও বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ভাবে ও কৌশলের মাধ্যমে গণ-জমায়েত বন্ধ, ঢাকা, ইন্ডিয়া তথা বিদেশ থেকে আসা ব্যক্তিদের শনাক্ত করে সিল মেরে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা ও বাইরে না যাওয়ার জন্য গ্রাম, পাড়া-মহল্লায় মাইকিং করে সতর্ক করছে সর্বত্র। সেই সাথে আটুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনার বিষয়ে বিস্তারিত তথ্যও দিচ্ছে তারা। তাছাড়া আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারে বিভিন্ন স্থানে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য সীমারেখা টেনে দেওয়া সহ করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করছে প্রতিনিয়ত। বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার স্প্রে করা সহ অপ্রয়োজনে রাস্তা, বাজার-ঘাটে ভিড় না করা ও বাড়ি থেকে অযথা বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে নির্দেশনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক টিমের সদস্য সচিব মো. আশিকুর রহমান জানান, ‘উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছে। আমরা টিমের সদস্যদের নিয়ে সার্বক্ষণিক করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হব’।
