ভারতে লকডাউন ঘোষণা করায় ভোমরা স্থলবন্দরে কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতার কারফিউর কারনে রবিবার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি হয়নি। গতকাল সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকায় ও কেন্দ্রীয় সরকার কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০ টি শহরে লক ডাউন ঘোষণা করায় আজ মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল পৌর এলাকায় আজ সোমবার সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। একই সাথে কেন্দ্রীয় সরকারও কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০ টি শহরে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করায় পশ্চিবঙ্গ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পন্যবাহি গাড়ী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ ভারত-বাংলাদেশ সকল আমদানী-রপ্তানি কার্যক্রম কার্যত: বন্ধ থাকবে। অন্যদিকে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় কাঁচামাল পণ্যবাহি অনেক ট্রাক আটকে আছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ্বজিত সরকার জানান, আমাদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগে যারা দুই-দেশে প্রবেশ করেছেন এমন পাসপোর্ট যাত্রীরা তাদের স্ব-স্ব দেশে ফিরতে পারবেন।

Leave a Reply