ভিক্ষুকের খোয়া যাওয়া টাকা উদ্ধার করলেন কালিগঞ্জ থানার ওসি
শেখ শাওন আহম্মেদ সোহাগ : অসহায় ভিক্ষুকের খোয়া যাওয়া দশ হাজার টাকা উদ্ধার করে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ও সহকারী উপ-পরিদর্শক রুপক সাহা। থানা সূত্রে জানা যায়, নিজের কোন বাড়ি ঘর না থাকায় উপজেলার নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত ফজর আলী খাঁ এর স্ত্রী অসহায় ভিক্ষুক ছায়েরা বিবি (৬০) মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ এলাকার মৃত হাফিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৪৭) এর বাড়িতে আশ্রিতা হিসেবে থাকত।
দীর্ঘদিন যাবৎ ভিক্ষা করে ছায়েরা বিবি ১০ হাজার টাকা জমায়। ওই টাকা দেখে বাড়ির মালিক রহিমা খাতুন ফাঁদ পেতে টাকা গুলো হাতিয়ে নেয় এবং বিভিন্ন তাল-বাহানা করে ভিক্ষুক ছায়েরা বিবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে অসহায় ছায়রা বিবি থানায় অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নির্দেশে সহকারী উপ-পরিদর্শক রুপক সাহা বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ২টার দিকে গৃহকর্তা রহিমা খাতুনের বাড়িতে যেয়ে টাকার বিষয়ে জানতে চাইলে রহিমা খাতুন বাড়ি ভাড়া অজুহাতে টাকা হজমের চেষ্টা করেও রক্ষা পায়নি।
অবশেষে নিজের অপকর্মের কথা স্বীকার করে ভিক্ষুকের কাছ থেকে আত্মসাৎকৃত ওই ১০ হাজার টাকা ফেরত দেয়। এরপর স্থানীয় গ্রাম-পুলিশ ছোট্টুর উপস্থিতিতে সহকারী উপ-পরিদর্শক রুপক সাহা উদ্ধারকৃত ওই ১০ হাজার টাকা ভিক্ষুক ছায়েরা বিবির হাতে তুলে দেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর সমাজের সর্বস্তরের মানুষ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ও সহকারী উপ-পরিদর্শক রুপক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply