নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে জোরপূর্বক মৎস্য ঘেরের বাসায় আগুন দিয়ে দখলের অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৎস্য ঘের মালিক বন্দকাটি গ্রামের মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে রফিকুল ইসলাম (৬৫) জানান, তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ বন্দকাটি নদীর চরে ৩ বিঘা জমিতে মৎস্য ঘের করে আসছিল। কিছুদিন যাবৎ একই গ্রামের মৃত আলী আকবারের ছেলে ফিরোজ হোসেন (৪০) ও মৃত আরশাদ মোড়লের ছেলে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলার আসামি নুরুল ইসলাম ওরফে নুরু (৪০) তাকে মৎস্য ঘের ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করতে থাকে। এক পর্যায়ে সোমবার (৯ মার্চ) বিকেলে ফিরোজ ও নুরুর নেতৃত্বে তাদের বাহিনী প্রকাশ্য দিবালোকে তার মৎস্য ঘেরের বাসায় আগুন দিয়ে ঘের দখল করে। পরবর্তীতে তাকে জীবননাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ হোসেন বলেন, ‘আমি সেখানে যাইনি বা ঘের দখলের বিষয়ে আমি কিছু জানি না। তবে রফিকুল ইসলাম তার ঘেরের পাশে অন্য একজনের ঘেরের ভেড়ি কেটে দুই ঘের মিশিয়ে দিয়েছে এই বিষয়টা আমি জানি’। এ বিষয়ে নুরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। এমতাবস্থায় ভুক্তভোগী রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
